চট্টগ্রামের আনোয়ারায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ ঘর থেকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় মৃত রেবতি দাশ গুপ্তের ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। অভিযুক্ত তাদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্ত (৪২)।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও নিহত কল্পনা দাশের ছোট জা তিথি দাশ সাংবাদিকদের জানান, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রেও চিকিৎসা নিয়েছেন। শনিবার সকালে মা-বাবার সঙ্গে বাইরে থেকে বাড়ি ফেরার কিছুক্ষণ পর তিনি ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মায়ের ওপর হামলা চালান। মাকে রক্ষা করতে এগিয়ে গেলে বাবা স্বপন দাশ গুপ্তকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।
তিনি বলেন, চিৎকার শুনে আমরা ছুটে গিয়ে আশপাশের লোকজনকে ডাকি। পরে গিয়ে দেখি কল্পনা দাশ ঘটনাস্থলেই মারা গেছেন। গুরুতর আহত স্বপন দাশকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তার মৃত্যু হয়।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে আটক করেছে। ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপরজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, স্থানীয়ভাবে শুনেছি, মাদকের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। তবে তদন্ত ছাড়া এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। অভিযুক্ত অবিবাহিত। তিনি মানসিকভাবে অসুস্থ কি না, সেটিও তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।


