টেকনাফে র‍্যাবের অভিযানে ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেপ্তার ১

টেকনাফে র‍্যাবের অভিযানে ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেপ্তার ১
গ্রেপ্তার অপহরণকারী চক্রের সদস্য। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফ উপজেলার মুচনী ক্যাম্প সংলগ্ন শালবাগান পাহাড়ের দুর্গম এলাকা থেকে অপহরণের শিকার তিন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। এ সময় অপহরণচক্রের এক সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং উখিয়া থানায় দায়ের হওয়া একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফের একটি আভিযানিক দল অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা নজরদারি শুরু করে। দীর্ঘ অনুসন্ধান ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের মুচনী ক্যাম্পের শালবাগান পাহাড়ের গহীন দুর্গম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন অপহৃতকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া তিনজন হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী-১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি-৮১ এর বাসিন্দা মো. আয়াছ (১৮), মো. ইয়াছিন (২৮) ও জোবাইর (২৫)।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গত ৩০ জুলাই তিনজনই টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনী ক্যাম্পে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ফেরার পথে অপহৃত হন। পরে অপহরণকারীরা তাদের দুর্গম পাহাড়ি এলাকায় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং পরিবারের কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পাওয়ায় তাদের ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়ানো হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

আরও পড়ুন

উদ্ধার হওয়া ভুক্তভোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব একই রাতে মুচনী রেজিস্টার-১ নম্বর ক্যাম্পের ব্লক-ডি এলাকার বটগাছতলা এলাকায় আরেকটি অভিযান চালিয়ে অপহরণচক্রের সদস্য হাফেজ আহম্মেদকে (৫৩) গ্রেপ্তার করে। তিনি ওই ক্যাম্পের বাসিন্দা।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এবং উখিয়া থানার সাধারণ ডায়েরির প্রেক্ষিতে গোয়েন্দা তৎপরতা চালিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহরণের শিকার তিনজনকে নিরাপদে উদ্ধার এবং অপহরণচক্রের সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি অপহরণচক্রের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।’

র‍্যাব জানায়, এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধার হওয়া তিনজনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad