পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এই আসনে তিনি জামায়াতের নেতৃত্বে ১০ দলীয় জোটের প্রার্থী হচ্ছেন।
সোমবার পঞ্চগড়ের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। সারজিস আলম পরে সাংবাদিকদের কাছে বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলকে সঙ্গে নিয়ে তিনি কাজ করতে চান।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সারজিস আলমের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন ও এনসিপির জেলা আহ্বায়ক এবিএম জুলফিকার আলম নয়ন।
পঞ্চগড়-১ ও ২ আসনে মোট ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র জমাদানকারী অন্যরা হলেন বিএনপির নওশাদ জমির, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আল রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির ফেরদৌস আলম, বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল ওয়াদুদ বাদশা ও গণঅধিকার পরিষদের মাহাফুজার রহমান।


