গত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার ধনী শ্রেণিকে সেবা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান।
তিনি বলেন, তারেক রহমানের সরকার দায়িত্ব নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে।
রোববার মন্ত্রী হিসেবে প্রথম দিন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঈন খান এসব কথা বলেন।
মঈন খান বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দলটি আইনের রাজনীতিতে বিশ্বাস করে। দেশে সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সাংবিধানিক প্রক্রিয়া ও নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকারের প্রতিটি স্তরের নির্বাচন সঠিক সময়ে হবে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণকে গুরুত্ব দিয়ে কাজ করবে। বিশেষ করে দরিদ্র মানুষের সেবায় গুরুত্ব দেওয়া হবে।
মন্ত্রণালয়ের আওতায় কোনো দুর্নীতির অভিযোগ থাকলে দুর্নীতি দমন কমিশন (দুদক) তা খতিয়ে দেখবে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।


