রাজধানীতে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৫২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া বয়স বিবেচনায় গ্রেপ্তার দুই কিশোরকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকালে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এদিন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই হাফিজুর রহমান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার ৫৪ জনকে আদালতে তোলেন। তিনি ৫২ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। একই সঙ্গে দুই কিশোরকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আবেদন করেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৫৩ জন ও আশপাশের এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ দাবি করেছে, আটক ব্যক্তিরা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। তারা ১৫ আগস্ট উপলক্ষে একত্রিত হয়ে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। সেই মামলায় তাদের কারাগারে পাঠানো হলো।
আরও পড়ুন>>>
১৫ আগস্টের কর্মসূচির প্রস্তুতি, ভাটারায় আ.লীগের ৫৩ জন গ্রেপ্তার


