জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যানার টাঙানোর অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে তাদের আটক করে আদালতে পাঠানো হয়েছে।
আটক দুজন হলেন জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার মারুফ হাসান জিহান (২০) ও মোহাম্মদ সীমান্ত শেখ (১৯)। জিহান সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সীমান্ত সংগঠনটির কর্মী বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার গভীর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে কলেজের মূল ফটকের কাছে দেয়ালে ব্যানারটি ঝোলানো হয়। ব্যানারে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। পাশাপাশি লেখা ছিল—‘শোক থেকে জাগরণ, জাগরণ থেকে প্রত্যাবর্তন’।
ব্যানারটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেয়ালে লেখা প্রতিবাদের বিভিন্ন বক্তব্য ঢেকে লাগানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিহান ও সীমান্তকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে কলেজের চার নৈশপ্রহরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কলেজ প্রশাসন। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে।
জেলা ও কলেজ ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, রাতের আঁধারে এ ধরনের কর্মকাণ্ড চালানো হয়েছে।
তবে ঘটনার বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ আল জাবেরের বক্তব্য পাওয়া যায়নি। তাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।


