কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির (৪৪) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার বিকালে দি গ্রান্ড ঢাকা হোটেলের ৪০১ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আতাউল কবির পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাজবাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল খালেক তালুকদার। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

হোটেল ম্যানেজার জিন্টু বড়ুয়া জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আতাউল কবির হোটেলে ওঠেন। শুক্রবার সকাল ১১টার দিকে চেকআউটের সময় হলেও কক্ষ থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে পুলিশে খবর দেওয়া হয়।

জিন্টু বড়ুয়া বলেন, ‘পুলিশ দরজা ভেঙে কক্ষে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পায়। জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে জানা যায়, তিনি পুলিশ সদস্য।’

আরও পড়ুন

পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সেখানে ময়নাতদন্ত চলছে।

হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নুরুল আবছার বলেন, ‘আতাউল কবির প্রায় এক বছর ধরে থানায় কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যায় ছিলেন। চার মাস আগে বিষয়টি জানতে পেরে তাকে বোঝানোর চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘কয়েকদিন আগে তিনি ছুটিতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, বাসা থেকে আসার সময় হয়তো এ ধরনের পরিকল্পনা করে এসেছিলেন।’

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad