বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সি স্টেজ বিডি লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা পর সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, আন্দোলনের পর কর্তৃপক্ষ সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন ১৩ অক্টোবর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় তারা আবার আন্দোলনে নামেন। এদিকে বৃহস্পতিবার বেতন না সাধারণ ছুটি ঘোষণা করেছেন কারখানা কর্তৃপক্ষ। এর জেরে সকাল সাড়ে ৮টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।
পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করতে ও বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়। শ্রমিকরা প্রস্তাব উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকে। এসময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। এক পর্যায়ে পুলিশ এসে মহাসড়ক অবরোধে থাকা শ্রমিকদের সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, শ্রমিকরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে ছিল। পরে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম জানান, মালিক পক্ষের সঙ্গে আলোচনা করার প্রস্তাব জানিয়ে বিক্ষোভরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করি। সেই অনুরোধে তারা সাড়া না দিয়ে অবরোধ অব্যাহত রাখে। পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


