খাগড়াছড়িতে ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে খাগড়াছড়ি সদর থানার পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা যুবলীগের সদস্য বোরখান উদ্দিন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ও পেশায় মোটরসাইকেল মেকানিক হাবিবুর রহমান হাবিব এবং যুবলীগ নেতা মো. রুবেল।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু। তিনি জানান, একজনকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এবং বাকি দুইজনকে শহরের শান্তিনগর ও কুমিল্লা টিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. রুবেল একটি মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানান ওসি।


