পাবনার সাবেক এসপি শেখ রফিকুল ইসলাম এবং তার স্ত্রী ফারহানা রহমানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত।
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর শুনানি শেষে আদালত ২০০৭-০৮ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত তাদের যাবতীয় আয়কর রেকর্ড জব্দের নির্দেশ দেয়।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ফারহানা রহমানের বিরুদ্ধে ৩৯ লাখ ২ হাজার ২২৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এ ছাড়া শেখ রফিকুল ইসলামের বিরুদ্ধে স্ত্রীকে ওই সম্পদ অর্জনে সহায়তার অভিযোগে মামলা করেছে দুদক।


