কক্সবাজারে সেনাবাহিনীর স্টিকার লাগানো একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার গাড়িতে করে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে পরিচয় দেন।
বৃহস্পতিবার রাতে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার গাড়ি থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ওবায়দুল হাসান (৪১) বগুড়া সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগুপাড়া মণ্ডলবাড়ী এলাকার মৃত দেলোয়ার রহমানের ছেলে।
বৃহস্পতিবার মধ্যরাতে কক্সবাজার সদর থানায় এক সংবাদ সম্মেলনে কক্সবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, ‘বিকালের দিকে শহরে চলাচলকারী একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ নজরদারি শুরু করে। গাড়িটি শহরের বিভিন্ন সড়কে বেপরোয়া গতিতে চলাচল করছিল।’
‘রাত ৯টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গাড়িটিকে থামার সংকেত দেওয়া হলে চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে থামাতে গেলে পুলিশের দুই সদস্য সামান্য আহত হন’, যোগ করেন তিনি।

পালিয়ে যাওয়ার সময় গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী আহত হন বলেও জানান এএসপি মাহমুদুল হাসান। পরে পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় ধাওয়া করে সেনাবাহিনীর স্টিকার লাগানো গাড়িটি জব্দ করা হয়।
মাহমুদুল হাসান বলেন, ‘গাড়িটি তল্লাশি করে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ল্যান্স কর্পোরাল হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি দাবি করেছেন, ২০১৯ সালে চাকরি থেকে অবসর নিয়েছেন। তবে তার দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে।’
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে জানিয়ে এএসপি মাহমুদুল হাসান বলেন, ‘উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’


