বার্লিন চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসর বসেছে জার্মানিতে। ১২ ফেব্রুয়ারি উঠেছে এবারের উৎসবের পর্দা, নামবে ২২ ফেব্রুয়ারি। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে ‘ফন্ডাজিওন প্রাডা ফিল্ম ফান্ড’ বিজয়ী ছবির নাম। এবার বিভিন্ন দেশের ১৪টি ছবি পাচ্ছে বিশেষ এই অনুদান। তালিকায় রয়েছে বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
এ নিয়ে দ্বিতীয়বার বিশ্ব চলচ্চিত্রের নামি এই আসরের অনুদান পেলেন রুবাইয়াত। এর আগে ২০২২ সালে বার্লিন ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের ৩৭তম অধিবেশনে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পেয়েছিল ৫০ হাজার ইউরো। এবার ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য পেলেন ৮০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ১৬ লাখ টাকা। খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন নির্মাতা নিজেই।
১৩ ফেব্রুয়ারি এবারের নির্বাচিত ফিচার চলচ্চিত্রগুলোর নাম ঘোষণা করে ফন্ডাজিওন প্রাডা। শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ১৪টি চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়। ছবিগুলো মোট অনুদান পাবে দেড় মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় ২১ কোটি টাকারও বেশি।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর শুটিং এরই মধ্যে সম্পন্ন করেছেন রুবাইয়াত। অভিনয়ে আছেন বাংলাদেশের জাতীয় পুরস্কার বিজয়ী তিন অভিনেত্রী-আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু এবং সুনেরাহ বিনতে কামাল। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন নবাগতা জাইনিন করিম চৌধুরী।
রূপকথার মতো বিয়ের স্বপ্ন দেখা এক তরুণীকে নিয়ে গল্প। এক জটিল রোগে আক্রান্ত এই তরুণী। ঘরোয়া উপায়ে উপশম হয় না। মানসিক চাপে পড়ে বিভ্রম হয় তার। সামাজিক বাস্তবতার ভেতর নারীর মানসিক লড়াই এবং হরর উপাদান মিলিয়ে গল্পটি, জানিয়েছেন নির্মাতা।


