রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকার একটি ফুটবল ক্লাব থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে পরপর বেশ কয়েকটি গুলি চালানো হয়। এই হামলায় অল্পের জন্য বেঁচে গেছেন ৩৬ বছর বয়সী এই অভিনেতা। তার শরীরে কোনো গুলি লাগেনি।
সন্ধ্যা ৭টার দিকে মুম্বাইয়ের ভিলে পার্লের পুষ্প নারসি পার্কের কাছে অভিনেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় টাইগার শ্রফ অক্ষত থাকলেও তার গাড়িচালক ফিরদৌস ও এক পথচারী উমেশ চাভান গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের জানিয়েছে, দুইজনের অবস্থাই আশঙ্কামুক্ত।
অভিযোগ অনুযায়ী, গুলি চালানোর পর মোটরসাইকেলে করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তারা আন্ধেরি রেলওয়ে স্টেশনের কাছে মোটরসাইকেলটি ফেলে যায় বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় রাজস্থানের কোটা থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, আটক তিন অভিযুক্তের মধ্যে দুজন হরিয়ানার এবং একজন মহারাষ্ট্রের বাসিন্দা।
এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৯(১) ও ৩(৫) ধারা এবং অস্ত্র আইনের ৩ ও ২৫ ধারায় মামলা করা হয়েছে মুম্বাই পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ যৌথভাবে ঘটনাটির তদন্ত করছে।
এদিকে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার দাবিও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পরপরই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তি, অনিল পণ্ডিত ও হরমন সংধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই হামলার দায় স্বীকার করে। এমনকি সালমান খানের সঙ্গে কাজ করার কারণে টাইগার শ্রফকে নিশানা করা হয়েছে বলেও হুমকি দেওয়া হয়। তবে পোস্টটির সত্যতা কিংবা হামলার সঙ্গে ওই গ্যাংয়ের কোনো যোগসূত্র এখনো নিশ্চিত করা যায়নি।


