ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর চরমোনাই মুফতি রেজাউল করীম বলেছেন, দেশে পিআর ছাড়া নির্বাচন হলে দেশকে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করা সম্ভব হবে না।
তিনি বলেন, ‘দেশে পিআর ছাড়া নির্বাচন হলে দেশকে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করা সম্ভব হবে না। ফের স্বৈরাচারের উত্থান ঘটবে, জনগণের অধিকার হরণ হবে।’
দলটির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এক গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি দাবি করেন, বিগত স্বৈরাচারের সহযোগী জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার হওয়া উচিত এবং বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
এ ছাড়া তিনি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতার স্বার্থে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া উচিত।’
গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী শ্রমিক আন্দোলনের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল মুছাব্বির রুনু।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তোফায়েল আহমদ খান, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সেক্রেটারি হাফিজ জয়নুল ইসলাম, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, এলডিপি নেতা এমদাদুল হক, এনসিপি সংগঠক ইমন দোজা, জুলাই যোদ্ধা জহুর আলী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতী শহীদুল ইসলাম পলাশী, যিনি সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের এমপি পদপ্রার্থীও।
উক্ত গণসমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারও নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।


