দেশের প্রথম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে তিনটি স্ক্রিন নিয়ে এটি যাত্রা শুরু করে। হলটি দর্শকদের সিনেমা দেখার অভিজ্ঞতা বদলে দিয়েছিল। আধুনিক প্রজেকশন ও সাউন্ড সিস্টেম, উন্নত পর্দা এবং আরামদায়ক সিট—সব মিলিয়ে দর্শকদের পছন্দের শীর্ষে হলটি।
বর্তমান শাখাগুলোর পাশাপাশি স্টার সিনেপ্লেক্স আরও দুই শাখা খুলছে। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, নতুন শাখা হবে নারায়ণগঞ্জ ও বগুড়ায়। তারা আশা করছেন শাখাগুলো আগামী বছরের ঈদুল ফিতরেই চালু হবে।
তিনি জানান, নারায়ণগঞ্জের ঝালকুড়ি ও বগুড়ার পুলিশ প্লাজায় শাখাগুলো হবে এবং নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে।
এর আগে কক্সবাজার, চট্টগ্রামে দ্বিতীয় শাখা এবং কুমিল্লায় শাখা করার ঘোষণা দেওয়া হয়েছিল। সেগুলোর কি অবস্থা জানতে চাইলে মেসবাহ জানান, বাকিগুলোও পর্যায়ক্রমে করা হবে। তাদের ইচ্ছা দেশব্যাপী শাখা বিস্তার করার।
বর্তমানে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে— রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল, বিজয় সরণীর সামরিক জাদুঘর, ধানমন্ডির সীমান্ত সম্ভার, উত্তরার সেন্টার পয়েন্ট, মিরপুরের সনি স্কয়ার এবং চট্টগ্রামের বালি আর্কেডে। রাজশাহীর হাইটেক পার্ক শাখাটি গত বছর ভাঙচুরের শিকার হয়েছিল, যার কারণে বর্তমানে বন্ধ রয়েছে। মেসবাহ জানান, সংস্কার শেষে শাখাটি খুব শিগগিরই পুনরায় চালু করা হবে।


