হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনের কারণ অনুসন্ধানে যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের সরকারের কাছে সহযোগিতার প্রস্তাব পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়ে বলেন, ‘আগুনের উৎস ও কারণ নির্ণয়ে আধুনিক ফরেনসিক তদন্ত পরিচালনার বিষয়ে এই প্রস্তাব দেওয়া হয়েছে।’
বৃহস্পতিবার বিকালে ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। একই দিন তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ঘটনাটি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলেও জানান প্রেস সচিব।

গত ১৮ অক্টোবর দুপুর ২টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে প্রায় ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে, ২৭ ঘণ্টা পর আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
এতে এই বিমানবন্দর থেকে বিমান চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। ঐদিন রাত ৯টার পর ফের বিমান চলাচল শুরু হয়। এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) পরে এক সংবাদ সম্মেলনে জানায়, বিমানবন্দরের কার্গো ভিলেজে ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে এ আগুন শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


