আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, ভবিষ্যত চিন্তা করে সিদ্ধান্ত নিতে। কারণ বিসিবির আয়ের বড় একটা অংশ আসে আইসিসি থেকে। তামিমের এই মন্তব্যের জেরে বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম তাকে সরাসরি ‘ভারতের দালাল’ বলে ফেসবুকে পোস্ট করেন। শনিবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন তারা।
বিসিবির দায়িত্বশীল জায়গায় থেকে এমন মন্তব্যের পর সমালোচনার মুখে পড়েন নাজমুল। সাধারণ দর্শক থেকে শুরু করে ক্রিকেটার; সবাই প্রতিবাদ করেছেন নিজ নিজ জায়গা থেকে। সেই প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েছেন বিসিবি সভাপতিও।
শনিবার রাতে বিসিবির আঞ্চলিক ক্রিকেট সেন্টারে আয়োজিত ‘জিএনসি স্কুল ক্রিকেট’ টুর্নামেন্টের জার্সি উন্মোচন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল জানান পরিচালক নাজমুলকে তারা কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
যদিও এই প্রসঙ্গে সরাসরি কারণ দর্শানোর নোটিশের কথা বুলবুল বলেননি। বরং সেখানে উপস্থিত সাংবাদিকদের টানা প্রশ্নের মুখে এক পর্যায়ে বুলবুল স্বীকার করেন সেই কথা।
প্রথমে পুরো ব্যাপারটা নাজমুলের ব্যক্তিগত উল্লেখ করলেও বুলবুল মনে করেন তামিমকে নিয়ে এভাবে মন্তব্য করার আগে তার চিন্তা করা ও সম্মান করা উচিত ছিল। বুলবুল বলেন, ‘যেহেতু তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে সেটা লিখেছে এবং তাকে আমরা বলেছি যে আপনি একটা রিজয়েন্ডার দেন। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি যেভাবে পারফরমেন্স করেছে তাকে শুধু তাকে না এই ব্যাপারটা হয়তো আমাদের লেখার আগে একটু চিন্তা করা উচিত ছিল। রেসপেক্ট করা উচিত ছিল।’
এরপর এক সাংবাদিক জানতে চান, ‘রিজয়েন্ডারের’ ধরন এখানে কেমন? উত্তরে বিসিবি সভাপতি বলেন, ‘এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, আমার বলার দরকার, বলেছি।’
এটা দর্শানোর নোটিশ কি না, এই প্রশ্নে আমিনুল বলেন, ‘হ্যাঁ।’
এরপর বুলবুল জানান, আগামী ২৪ জানুয়ারির বোর্ড সভায় এই ব্যাপারে তারা বিষদ আলোচনা করবেন।
গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের সিটি ক্লাব গ্রাউন্ডে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তামিম বলেন, ‘‘আপনি যদি দেখেন আমাদের ৯০-৯৫ ভাগ ফাইনান্স কিন্তু আইসিসি থেকেই আসে। আমরা যখন খেলতে যাই দর্শক অনেক রকম করেই চিন্তা করে আবেগ থেকে অনেক কিছু বলে। সব কিছু এভাবে চিন্তা করলে আপনি এত বড় প্রতিষ্ঠান চালাতে পারবেন না।’
মূলত তামিমের বক্তব্যের এই অংশটি নিয়েই বিসিবি পরিচালক নাজমুল ফেসবুকে তাকে ভারতের দালাল বলেছেন। তামিমের ছবি ও এই মন্তব্য সম্বলিত ‘ক্রিকেটাঙ্গন’ নামের সুপরিচিত একটি ফেসবুক পেইজের পোস্ট শেয়ার করে নাজমুল লেখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগন দুচোখ ভরে দেখলো।’


