তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বললেন বিসিবি পরিচালক

তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বললেন বিসিবি পরিচালক
তামিম ইকবাল ও বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শংকায় ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সেই প্রেক্ষিতে ভবিষ্যত বিবেচনা করে বিসিবিকে সিদ্ধান্ত নিতে আহ্বান জানিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার রাতে তার সেই মন্তব্যের জের ধরে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালকা ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম তামিমকে সরাসরি ‘ভারতের দালাল’ বলে পোস্ট করেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুর সিটি ক্লাব গ্রাউন্ডে এক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বিশ্বকাপ ঘিরে বিসিবির নেয়া সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তামিম। সেখানেই বিসিবিকে আহবান জানান পরবর্তী প্রভাব চিন্তা সামনে রেখে কাজ করতে ,‘দর্শক আবেগে অনেক কিছু বলেন। কিন্তু সবকিছু যদি আমরা ওইভাবে চিন্তা করি, তাহলে আপনি এত বড় সংস্থা চালাতে পারবেন না। কারণ, আপনার আজকের সিদ্ধান্ত আগামী ১০ বছর পর কী প্রভাব ফেলবে বাংলাদেশের ক্রিকেটের জন্য এবং খেলোয়াড়দের জন্য কোনটা ভালো হবে, সব চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।’

সেই অনুষ্ঠানে তামিম আরো বলেন, ‘আপনি যদি দেখেন আমাদের ৯০-৯৫ ভাগ ফাইনান্স কিন্তু আইসিসি থেকেই আসে। আমরা যখন খেলতে যাই দর্শক অনেক রকম করেই চিন্তা করে আবেগ থেকে অনেক কিছু বলে। সব কিছু এভাবে চিন্তা করলে আপনি এত বড় প্রতিষ্ঠান চালাতে পারবেন না।’

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত

মূলত তামিমের বক্তব্যের এই অংশটি নিয়েই বিসিবি পরিচালক নাজমুল ফেসবুকে তাকে ভারতের দালাল বলেছেন। তামিমের ছবি ও এই মন্তব্য সম্বলিত ‘ক্রিকেটাঙ্গন’ নামের সুপরিচিত একটি ফেসবুক পেইজের পোস্ট শেয়ার করে নাজমুল লেখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগন দুচোখ ভরে দেখলো।’

মুহূর্তেই সবার নজর কাড়ে বিসিবির দায়িত্বশীল পর্যায়ে থাকা এই পরিচালকের পোস্ট। পেতে থাকেন দেশের ক্রিকেট প্রেমী দর্শক-সমর্থকদের বিরুপ প্রতিক্রিয়া। এরপর এক পর্যায়ে সেই পোস্ট সরিয়ে নিতে বাধ্য হন তিনি। যদিও স্ক্রিনশট ছড়িয়ে পড়তে সময় লাগেনি। তুমুল সমালোচনার মাধ্যমে ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই জানতে চান বিসিবির একজন পরিচালক তামিমের মতো সাবেক অধিনায়ককে এভাবে আক্রমণ করতে পারেন কিনা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad