রাজধানীর উত্তরা পূর্ব থানায় মাহমুদুল হাসান নামে এক ব্যক্তি হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরের আবারও তিন রিমান্ডে পাঠানো হয়েছে।
বুধবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এই তথ্য জানান।
এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম তালুকদার আসামিকে আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কঠোর হাতে দমন করার জন্য এবং ছাত্র-জনতাকে প্রতিহত করার লক্ষ্যে ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম চালানো হয় মর্মে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে।
মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন, সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি আফজাল নাছেরকে নিবিড়ভাবে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় সাত দিনের রিমান্ড একান্ত প্রয়োজন।
এর আগে, গত ২৩ এপ্রিল এই মামলায় আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গত ২৭ এপ্রিল দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট মাহমুদুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন। বিকাল ৪টার দিকে উত্তরা পূর্ব থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুর ফুট ওভার ব্রিজের নিচে পাকা রাস্তার ওপর আন্দোলনকারীরা পৌঁছালে আসামিসহ অজ্ঞাত আসামিরা বেআইনিভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উদ্দেশে গুলিবর্ষণ করেন।
আসামিদের ছোড়া গুলিতে বাদীর ভাগনে মাহমুদুল হাসানের শরীরে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ওই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা করা হয়।
গত ৩০ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর কয়েকটি মামলায় একাধিক দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়।


