গত ছয় মাসে সারা দেশে মব সহিংসতায় নিহত হয়েছেন ১৩৩ জন, আর রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যা ৫৬।
এছাড়া সহিংস ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ ৫২৪৬ জন সাধারণ মানুষ আহত ও হামলার শিকার হয়েছেন।
বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি–এইচআরএসএস’।
এতে বলা হয়, রাজনৈতিক সহিংসতায় নিহতদের মধ্যে বিএনপির ৩৭ জন, জামায়াতের ৬ জন, আওয়ামী লীগের ৩ জন, অন্যান্য দলের ৮ জন, চরমপন্থী রাজনৈতিক সংগঠনের একজন এবং সাধারণ মহিলা একজন। এছাড়া, ৮৩০টি সহিংস ঘটনার ৬৭৩টি ঘটেছে বিএনপির অন্তর্কোন্দল ও বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে।
একই সময়ে বিভিন্ন মামলায় ২৩ হাজার ১২১ জন গ্রেপ্তার হন, যার মধ্যে ২২ হাজার ৯৯৫ জনই আওয়ামী লীগের নেতাকর্মী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ছয় মাসে সারা দেশে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ৩৮৩ জন সাংবাদিক।
এ সময়ে ১৬২১ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে বলেও তথ্য দিয়েছে এইচআরএসএস।
দেশের মুল ধারার ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, এইচআরএসএস-এর সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে ছয় মাসের এ প্রতিবেদন তৈরি করা হয়।


