বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে ‘একুশে পদক–২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত হন ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান।
সংগীত বিভাগে এ বছর একুশে পদক পেয়েছে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। ব্যান্ডের পক্ষে পদক গ্রহণ করেন দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু। পদক গ্রহণের পর তিনি বলেন, পদকটি ঘোষণার পর থেকেই আমরা উচ্ছ্বসিত ছিলাম। আজকে সম্মানিত অতিথি এবং যারা পদকপ্রাপ্ত হয়েছেন- সবার সামনে পদকটি দেয়া হলো। অনারেবল প্রাইম মিনিস্টার পদকটি হাতে তুলে দিলেন, যার ফলে অফিশিয়ালি পদকটি পেলাম আমরা।
উচ্ছ্বাস প্রকাশ করে টিপু বলেন,“পদক গ্রহণের মধ্য দিয়ে পুরোপুরিভাবে পরিপূর্ণতা পেলাম আমরা। আমাদের ব্যান্ডের সব মেম্বাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। সবাই দারুণ আনন্দিত। আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারছি না।”
এসময় টিপু জানান, ব্যান্ডের একুশ পদক প্রাপ্তির এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে ‘ওয়ারফেজ’-এর পুরনো সদস্যরাও দেশে এসেছেন। টিপুর ভাষ্য,“দেশের বাইরে থেকে বাবনা করিম, সঞ্জয় কামরান রহমান, মাসুক রহমান এবং অনি হাসানরা এসেছেন। তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।”
এ বছর চলচ্চিত্রে ববিতা, চারুকলায় ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে (মরণোত্তর) আইয়ুব বাচ্চু, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার এবং নৃত্যকলায় অথৈ আহমেদ একুশে পদকে সম্মানিত হয়েছেন।


