জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য মো. রইছ উদ্দীন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেন ২ নভেম্বর এবং ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তাই এবছর থেকে ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, ‘আগামী বিশ্ববিদ্যালয় দিবসের আগেই বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হবে। এ বিশ্ববিদ্যালয় দিবসে আমরা শিল্পী জেমসকে আনার পরিকল্পনা করছি। জবিকে অন্তরে ধারণ করলে আপনারা সবাই একত্রিত হবেন।’
তিনি বলেন, ‘জবি থেকে সংসদ সদস্য রয়েছেন; তাদের সবাইকে নিয়ে একটি সংবর্ধনার আয়োজনের চেষ্টা করা হবে। তারা উদার মানসিকতা নিয়ে পাশে দাঁড়ালে বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান করা সহজ হবে।’
তিনি আরও বলেন, ‘একজন পিতার কাছে ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তার সন্তান তাকে ছাড়িয়ে যায়। আজ আমারও সেই আনন্দ অনুভূত হচ্ছে, কারণ অভিভাবক হিসেবে আমার শিক্ষার্থীরা আমাদেরও ছাড়িয়ে গেছে। আমরা সবাইকে নিয়ে সামনে এগোতে চাই। এখানে কোনো রাজনৈতিক চর্চা হবে না; আমরা সবাই একটি পরিবার।’
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার সাবিনা শরমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. শেখ গিয়াসউদ্দিন এবং অর্থনীতি বিভাগের অ্যালামনাই ও সাধারণ শিক্ষার্থীরা।


