মানিকগঞ্জের সিংগাইরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় প্রাণ হারিয়েছেন বড় ভাই। নিহতের নাম নজরুল খন্দকার (৬২)। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে নিহতের পরিবার।
শনিবার নিহতের ছেলে খন্দকার রাফি বাদী হয়ে তার চাচা ওয়াহিদ খন্দকারসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন। এ ছাড়া মামলায় আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার খবর নিশ্চিত করে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে সিংগাইর পৌরসভার গোলড়া মহল্লায় ছোট ভাইয়ের আঘাতে বড়ভাই নজরুল খন্দকার নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নজরুল খন্দকারের সঙ্গে তার ছোট ভাই ও ভাতিজাদের মধ্যে উত্তেজনা চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেদিন স্থানীয়রা একটি সালিশের আয়োজন করেন।
অভিযোগ রয়েছে, বৈঠকের একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন নজরুল খন্দকারকে লাথি দিয়ে ফেলে দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তার ছেলে অভি খন্দকারকে (২৮) ইট দিয়ে আঘাত করা হয়।
পরে স্থানীয়রা দ্রুত গুরুতর আহত নজরুল খন্দকার ও তার ছেলেকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নজরুল খন্দকারের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক।
নজরুল খন্দকারকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অন্যদিকে, গুরুতর আহত অভি খন্দকার বর্তমানে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


