জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফাতেহা পাঠ, ফুলেল শ্রদ্ধা, মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্মরণ করা হবে বিদ্রোহী কবিকে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি দুই দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন হবে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘আমারে দেবো না ভুলিতে…’ শীর্ষক এ আয়োজনে নজরুলের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা হবে। পাশাপাশি থাকবে সংগীত ও নৃত্য পরিবেশনা।
নজরুল একাডেমির তিন দিনব্যাপী কর্মসূচিতে বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবির সমাধিতে ফাতেহা পাঠ ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। বাদ জোহর কবির সমাধিসংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় মগবাজারের বেলালাবাদ কলোনিতে নজরুল একাডেমির ‘কাজী নজরুল ইসলাম মিলনায়তনে’ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ২৯ আগস্ট বিকাল সাড়ে ৫টায় একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠান।
এদিকে কবি নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামদ-নাতের আয়োজন করা হয়েছে।
মৃত্যুর পাঁচ দশক পরও কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা বাঙালির সাংস্কৃতিক জীবনে গভীরভাবে প্রাসঙ্গিক। নানা আয়োজনের মধ্য দিয়ে তার সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান।


