চট্টগ্রামের মিরসরাই উপজেলার পৌরসদরে এক স্কুল শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরের দল তালা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের বিপরীত পাশে অবস্থিত জসিম উদ্দিন ভবনের একটি বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হামিদা সুলতানা খৈয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
ভুক্তভোগী হামিদা সুলতানা জানান, সকালে তিনি মেয়েকে বাসায় রেখে স্কুলে যান। পরে সকাল সাড়ে ৯টার দিকে তার মেয়েও স্কুলে চলে যায়। দুপুর দেড়টার দিকে স্কুল থেকে ফিরে এসে তিনি ঘরের তালা ভাঙা দেখতে পান। ঘরে প্রবেশ করে দেখা যায় আসবাবপত্র ও কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। চোরেরা ড্রয়ারের তালা ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
তিনি আরও বলেন, অনেক কষ্টে অল্প অল্প করে এসব স্বর্ণালঙ্কার কিনেছিলাম। এভাবে সব চুরি হয়ে যাবে চিন্তা করতে পারিনি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। চোরচক্রকে শনাক্ত ও আটক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।


