চট্টগ্রামের পুলিশের তালিকায় আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে তিন সহযোগীসহ যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, চার দিন আগে ভারত থেকে দেশে প্রবেশের পর আবার সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন ইমন।
মঙ্গলবার রাত ৩টার দিকে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার সকাল ১০টার দিকে যশোর পুলিশ তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করে।
চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) নাজিমুল হক বলেন, ইমন চার দিন আগে যশোর সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেন। পরে পুলিশি অভিযানের খবর পেয়ে আবার ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এর আগে তাকে আটক করা হয়।
অতিরিক্ত
ডিআইজি নাজিমুল হক আরও বলেন, পুলিশের কাছে তথ্য রয়েছে, ইমন নিয়মিত ভারত থেকে আসা-যাওয়া করতেন এবং তার কাছে দেশি-বিদেশি একাধিক পাসপোর্ট থাকতে পারে। জিজ্ঞাসাবাদে এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
পুলিশের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখানে তার সঙ্গে ডেভিড ইমনও ছিলেন। একই চক্রের আরেক সহযোগী মো. রায়হানকে গ্রেপ্তারে মঙ্গলবার রাতে নোয়াখালীর সেনবাগে অভিযান চালায় পুলিশ।
চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, সেনবাগের একটি বাড়িতে অভিযান চালানো হলেও পুলিশ পৌঁছানোর আগেই রায়হান দেয়াল টপকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


