শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ রানের জয়ের দিনে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর আজম। পাকিস্তানের পঞ্চম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। এবার দেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এককভাবে নিজের করে নেওয়ার হাতছানি তার সামনে।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নামেন বাবর। তখন আন্তর্জাতিক ক্রিকেটে তার রান ছিল ১৫ হাজার ৯৯৩। মাইলফলক স্পর্শ করতে বেশি সময় লাগেনি। ফিফটি থেকে ৫ রান দূরে থাকতে আউট হন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের মোট রান এখন ১৬ হাজার ৩৮।
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় শীর্ষে রয়েছেন ইনজামাম উল হক। ৪৯৫ ম্যাচে তার সংগ্রহ ২০ হাজার ৫৪১ রান। দ্বিতীয় স্থানে থাকা ইউনিস খান ৪০৮ ম্যাচে করেছেন ১৭ হাজার ৭৯০ রান। মোহাম্মদ ইউসুফের রান ১৭ হাজার ১৩৪ এবং জাভেদ মিয়াঁদাদের ১৬ হাজার ২১৩।
তিন সংস্করণেই ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে এই মাইলফলকে পৌঁছেছেন বাবর। ৬৬ টেস্টে তার রান ৪ হাজার ৭৭১। ১৪৫ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে করেছেন ৪ হাজার ৫৯৬ রান। ওয়ানডেতে তার সংগ্রহ সাড়ে ছয় হাজারের বেশি। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরি ৩২টি এবং ফিফটি ১১১টি।
ওয়ানডেতে আরেক রেকর্ডের সামনে
পাকিস্তানের হয়ে ওয়ানডেতে কিংবদন্তি ওপেনার সাঈদ আনোয়ারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বাবর। দুইজনেরই সেঞ্চুরি ২০টি করে। আর একটি শতক করতে পারলেই আনোয়ারকে ছাড়িয়ে রেকর্ডটি এককভাবে নিজের করে নেবেন বাবর।
ওয়ানডেতে ২১টি সেঞ্চুরি করতে দ্রুততম ব্যাটারদের তালিকায় জায়গা করে নেওয়ার সুযোগও রয়েছে তার সামনে। দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ১১৬ ইনিংসে ২১টি সেঞ্চুরি করে এই রেকর্ড গড়েন। ভারতের বিরাট কোহলি এই মাইলফলকে পৌঁছান ১৩৮ ইনিংসে।


