দেশে মারাত্মক রূপ নেওয়া হামে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা বিভাগের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট সন্দেহজনক ও নিশ্চিত মিলে হামজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বুধবারের তথ্য বিবরণীতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হামে মারা গেছেন ৭০৮ জন এবং পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন। অর্থাৎ, এ পর্যন্ত হামজনিত জটিলতায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮০৩ জনে।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামে আরও ৬ জনের মৃত্যু হয়েছে, তবে নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভাগগুলোর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে হামের প্রকোপ ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ঢাকা বিভাগেই সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩০৭ জনের এবং নিশ্চিত মৃত্যু হয়েছে ৫৯ জনের। সিলেট বিভাগে সন্দেহজনক মৃত্যু ১০৫ জন এবং নিশ্চিত মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়া রাজশাহী বিভাগে ৯০ জন (সন্দেহজনক) ও ১২১৭ জন আক্রান্ত, চট্টগ্রামে ৫৬ জন (সন্দেহজনক) ও ১০ জন (নিশ্চিত) মৃত্যু রেকর্ড করা হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্যে জানা যায়, সারাদেশে নতুন করে সন্দেহজনক হাম রোগী চিহ্নিত হয়েছেন ৯০৪ জন এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৩৩ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,২০,৩৫২ জনে এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৮৪১ জনে।
হাসপাতালে ভর্তি ও সুস্থতার পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৪ জন রোগী এবং ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮৩ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের হাসপাতালগুলোতে মোট ভর্তি রোগীর সংখ্যা ১,০৩,০৭৮ জন এবং মোট ছাড়প্রাপ্ত সুস্থ রোগীর সংখ্যা ৯৯,২৯৪ জন।


