রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনে উঠছে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এ ঘটনায় প্রতিবাদ ও উদ্বেগ জানাচ্ছেন।
ঘটনাটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। নিজের ফেসবুক পোস্টে তিনি সমাজে পেডোফিলিয়ার বিস্তার, ধর্ষণ মামলার দীর্ঘসূত্রতা, বিচার প্রক্রিয়ার ধীরগতি এবং শিশু নির্যাতনের ভয়াবহতা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন।
কনকচাঁপা লেখেন, ‘বাংলাদেশ পেডোফাইল দিয়ে ভরে গেছে—সমাজ কি তা উপলব্ধি করে?’ একইসঙ্গে তিনি প্রশ্ন রাখেন, কোনো ধর্ষণকারী গ্রেপ্তার হওয়ার পর এবং অপরাধ স্বীকার করার পরও কেন বিচারে দীর্ঘ সময় লাগবে।
অপরাধীদের পক্ষে আইনজীবীদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন এই শিল্পী। তার ভাষ্য, ‘যে উকিল অপরাধীর পক্ষ নেয়, তার নিজের পরিবারের কারও সঙ্গে এমন ঘটনা ঘটলে তখনও কি তিনি একইভাবে অপরাধীর পক্ষে দাঁড়াবেন?’ তিনি মনে করেন, আইন মানুষের সুরক্ষার জন্য, মানুষের ভোগান্তি বাড়ানোর জন্য নয়।
রামিসা হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তির স্ত্রীকেও ঘিরে প্রশ্ন তুলেছেন কনকচাঁপা। শিশুটির ওপর নির্যাতনের সময় তিনি কীভাবে নীরব ছিলেন, সেটিও জানতে চান এই শিল্পী। পাশাপাশি সাম্প্রতিক আরও কয়েকটি শিশু নির্যাতনের ঘটনার প্রসঙ্গ টেনে সমাজের নৈতিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
পোস্টের শেষাংশে বিচার ব্যবস্থার প্রতি ক্ষোভ জানিয়ে কনকচাঁপা বলেন, ‘রাষ্ট্রের কাছে চাওয়া একটাই—জনসমক্ষে বিচার চাই। লোকালয়ে বিচার চাই, যাতে অপরাধীরা ভয় পায়।’
এদিকে রামিসা হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সরব হয়েছেন অনেকে।
গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা। প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত ও কেমিক্যাল পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


