দীর্ঘদিনের সহ-অভিনেতা আবীর চ্যাটার্জির সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করা এখনও মাঝে মাঝে কঠিন হয়ে পড়ে জয়া আহসানের জন্য। এর কারণ অবশ্য দুজনের মধ্যে রসায়নের অভাব নয়, বরং তাদের বন্ধুত্ব এতটাই ঘনিষ্ঠ যে সেটাই মাঝে মাঝে বাধা হয়ে দাঁড়ায়।
সম্প্রতি কলকাতাভিত্তিক দৈনিক আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশি অভিনেত্রী এ কথা বলেন। তার অভিনীত ও ভারতের কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত নতুন চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’ বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। সেই চলচ্চিত্রের প্রচারণা উপলক্ষে দেওয়া সাক্ষাৎকারেই তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারের একটি র্যাপিড-ফায়ার পর্বে জয়া একটি চিরকুট তোলেন, চিরকুটে যার নাম থাকবে তার সম্পর্কে কিছু বলতে হবে। চিরকুটে লেখা ছিল আবীর চ্যাটার্জির নাম। জয়া হাসিমুখে আবীরকে তার অন্যতম প্রিয় সহ-অভিনেতা ও ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করেন।
জয়া বলেন, ‘আবীর আমার সবচেয়ে প্রিয় বন্ধু এবং সহ-অভিনেতাদের একজন। ওর সঙ্গে কাজ করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমাদের মধ্যে বোঝাপড়াও দারুণ।’
এর আগে ‘বিসর্জন’, ‘বিজয়া’ এবং ‘পুতুল নাচের ইতিকথা’সহ সমালোচকদের প্রশংসিত একাধিক চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন জয়া ও আবীর।
বাংলাদেশ ও ভারতের দর্শকরাও তাদের জুটি বেশ পছন্দ করেন। জয়া জানান, এত বছর একসঙ্গে কাজ করায় তাদের মধ্যে একটি শক্তিশালী স্বাচ্ছন্দ্যের সম্পর্ক গড়ে উঠেছে।
পাশাপাশি আবীরের ব্যক্তিত্বেরও প্রশংসা করেন তিনি। ‘শান্ত, মাটির মানুষ এবং নির্ভরযোগ্য আবীর সহজেই পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারেন,’ বলেন জয়া।
তবে এই ঘনিষ্ঠ বন্ধুত্বই কখনো কখনো শুটিংয়ের সময় অপ্রত্যাশিত একটি চ্যালেঞ্জ তৈরি করে। জয়া বলেন, ‘আমরা একে অপরের সঙ্গে এতটাই স্বাচ্ছন্দ্যবোধ করি যে, কখনো কখনো রোমান্টিক দৃশ্যে অভিনয় করা কঠিন হয়ে যায়। আমাদের বন্ধুত্ব এতটাই গভীর যে, রোমান্সটা স্বাভাবিকভাবে আসে না।’


