যশোরে এমপির বাসায় হামলা: বিএনপিকে দুষছে জামায়াত

যশোরে এমপির বাসায় হামলা: বিএনপিকে দুষছে জামায়াত
ছবি: বাসস
Advertisement
Advertisement

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রসুলের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

দলটি দাবি করেছে, সংসদ সদস্যের মানসিকভাবে অসুস্থ মেয়ের আচরণকে কেন্দ্র করে সংঘটিত এ হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর পেছনে ‘মব’ উসকে দেওয়ার উদ্দেশ্য ছিল।

মঙ্গলবার এক বিবৃতিতে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের মদদে মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের বাসায় একদল ব্যক্তি পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালায়। তিনি এ ঘটনাকে ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্যের বাসভবনে এ ধরনের হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অশনিসংকেত। তিনি হামলার সঙ্গে জড়িত ব্যক্তি এবং উসকানিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন

আরও পড়ুন: জামায়াত এমপির মেয়ের মারধরের অভিযোগে বাড়ি ভাঙচুর, অবরোধ

তিনি আরও বলেন, সংসদ সদস্য গোলাম রসুলের এক মেয়ে মানসিকভাবে অসুস্থ এবং তিনি ভারতের হায়দরাবাদসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন। এমন একজন মানসিক রোগীর আচরণকে কেন্দ্র করে, যে বিষয়টি ইতোমধ্যে মীমাংসিত হয়েছে বলে দাবি করা হচ্ছে, তার জেরে সংসদ সদস্যের বাসায় হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

জামায়াতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, নিজের মেয়ের অসুস্থতার বিষয়টি তুলে ধরে সংসদ সদস্য ঘটনার ব্যাখ্যা দেওয়ার পরও একটি মহল ইচ্ছাকৃতভাবে ‘মব’ উসকে দেওয়ার চেষ্টা করেছে। তাদের মতে, এ ঘটনার মাধ্যমে জামায়াতকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আইনশৃঙ্খলা ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। তাই দুর্বৃত্তায়ন কিংবা ‘মব’ সংস্কৃতির মাধ্যমে দলটিকে বিতর্কিত করতে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে যেসব লক্ষ্যভিত্তিক অপপ্রচার চালানো হচ্ছে, তা অনভিপ্রেত।

ঘটনার প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীল সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad