জামায়াত এমপির মেয়ের মারধরের অভিযোগে বাড়ি ভাঙচুর, অবরোধ

জামায়াত এমপির মেয়ের মারধরের অভিযোগে বাড়ি ভাঙচুর, অবরোধ
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও এবং ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

যশোরে জামায়াতের এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে শিশু নির্যাতন এবং এক নারী অভিভাবককে মেরে আহত করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও এবং ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যা সোমবার স্থানীয় আল মাদরাসাতুল শারইয়্যাহ-এর কয়েকজন শিক্ষার্থীকে মারধরের করেন। এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে আবারও শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় রোকসানা বেগম নামে এক অভিভাবককে তালা দিয়ে মাথায় আঘাত করা হয়।

পরে বিক্ষুব্ধ এলাকাবাসী এমপি গোলাম রসুলের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং ইট-পাটকেল নিক্ষেপ করলে বাড়ির কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়।

আরও পড়ুন

এসময় যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা । একই সঙ্গে তারা এমপি গোলাম রসুল ও তার মেয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে যশোর ৪ আসনের সাংসদ ও জেলা জামায়াতের আমির গোলাম রসুল দাবি করেন, তার মেয়ে অনন্যা মানসিক ভারসাম্যহীন। বেশকিছুদিন ধরে সে এলোমেলো আচরণ করছেন। তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য লাইভে ক্ষমা প্রার্থনা করেন এই সাংসদ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad