ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অবস্থিত সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য শিক্ষার্থীদের কাছে প্রতিবাদের প্রতীক। ক্যাম্পাসে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গুলিতে শহীদ হওয়া মঈন হোসেন রাজুর স্মৃতি ধরে রাখতে এ ভাস্কর্য নির্মাণ করা হয়।
বৃহস্পতিবার রাজুর মৃত্যুবার্ষিকী। সেই শহীদ মঈন হোসেন রাজু দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও সন্ত্রাসবিরোধী সমাবেশ পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়কদ্বীপ এলাকায় শহীদ মঈন হোসেন রাজুর স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ, ঢাকা মহানগর সংসদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও রাজু সংসদের নেতারা।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভর সঞ্চালনায় সন্ত্রাসী বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি কল্যাণ সাহা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন।
সমাবেশে মাহির শাহরিয়ার রেজা বলেন, ‘৩৪ বছর অতিক্রান্ত হওয়ার পরও এই রাষ্ট্র রাজু হত্যার বিচার করতে পারেনি। যেই সন্ত্রাসের প্রতিবাদে রাজু শহীদ হয়েছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনও সেই সন্ত্রাসের পদধ্বনি শোনা যায়।’
তিনি বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের ত্রাসের রাজত্বের পতন ঘটলেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় মব সন্ত্রাসের উদ্ভব হয়েছিল। নির্বাচিত সরকার আসার পরও অবস্থার উন্নতি হয়নি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাভেলকে পিটিয়ে আহত করার পরও জাতীয় ছাত্রশক্তির ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে সরকার এখনও কোন ব্যবস্থা গ্রহণ করেনি উল্লেখ করে তিনি বলেন, ‘উপরন্তু ৭ মার্চের ভাষণ বাজানোর অপরাধে অন্তত ৪ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে, এবং তাদের ওপর হামলাকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে।’
একই সঙ্গে জাতীয় সংসদে ‘যুদ্ধাপরাধীদের’ নাম শোকপ্রস্তাবে যুক্ত করা করারও নিন্দা জানিয়ে তিনি বরেন, ‘আগামীদিনে কেউ সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করলে ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্র ইউনিয়ন তা প্রতিহত করবে।’


