মেক্সিকোতে বন্দুক হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। পুয়েবলা অঙ্গরাজ্যের তেহুইৎসিঙ্গো শহরে স্থানীয় সময় রোববার ভোরে এ হামলা হয়। নিহতদের মধ্যে এক শিশু, ছয় পুরুষ ও তিন নারী রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আল জাজিরার বরাতে জানা গেছে, রোববার সশস্ত্র হামলাকারীরা একটি বাড়িতে ঢুকে ওই হামলা চালায়। তবে এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং তাদের হামলার উদ্দেশ্যও স্পষ্ট নয়।
পুয়েবলা রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে।
প্রাথমিক তথ্যে জানা যায়, এক বাসিন্দার জরুরি ফোনকল পেয়ে পৌর পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। আহতদের হাসপাতালে নেওয়ার পথে এক নারীর মৃত্যু হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাত প্রায় ১টা ৫৫ মিনিটের দিকে নিহতদের প্রতিবেশীরা গুলির শব্দ শুনতে পান। এরপরই তারা পুলিশে খবর দেন।
এদিকে হামলার পর নিরাপত্তা জোরদারে জাতীয় গার্ড, রাজ্য পুলিশ, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
প্রায় ১১ হাজার ৩০০ জনসংখ্যার ছোট শহর তেহুইৎসিঙ্গো মেক্সিকো সিটি থেকে প্রায় ২০৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। শহরটিতে এমন এক সময়ে ঘটল, যখন আগামী মাসে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে মেক্সিকো।
১১ জুন মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে আসর শুরু হওয়ার কথা। মেক্সিকো সিটি, মনতেরে ও গুয়াদালাহারায় অনুষ্ঠিত হবে মোট ১৩টি ম্যাচ। তবে সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনায় দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশ্বকাপকে সামনে রেখে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এরইমধ্যে উদ্বেগ বাড়ছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেনবাউম টুর্নামেন্ট চলাকালে নিরাপত্তা নিশ্চিতে এক লাখ সদস্যের বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। এতে জাতীয় গার্ড, পুলিশ ও বেসরকারি নিরাপত্তাকর্মীরা থাকবেন।


