আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে ভিন্ন আঙ্গিকের একটি মৌলিক রোমান্টিক গান ‘জীবন যখন’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী মাহমুদুল হাসান ও মিরাজুল জান্নাত সোনিয়া।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান এবং বেঙ্গল পরম্পরার স্কলার মিরাজুল জান্নাত সোনিয়া-দুজনই নজরুলসংগীতশিল্পী হিসেবে পরিচিত হলেও এবার তারা ভিন্নধর্মী গানে কণ্ঠ দিয়েছেন। গানটি প্রকাশের আগেই শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গানটির কথা ও সুরে নতুনত্বের ছোঁয়া রয়েছে এবং সংগীত আয়োজনে আধুনিকতার সমন্বয় করা হয়েছে।
পুরো কাজটির পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন তানভীর আলম সজীব। তিনিই গানটির কথা, সুর, সংগীত আয়োজন, চিত্রধারণ ও সম্পাদনার দায়িত্বও পালন করেছেন।
সংশ্লিষ্টদের মতে, একক দৃষ্টিভঙ্গির কারণে গানটিতে একটি স্বতন্ত্র ধারা ফুটে উঠেছে।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি শুধু একটি রোমান্টিক গান নয়, বরং অনুভূতির সূক্ষ্ম প্রকাশ এবং ভিজ্যুয়াল উপস্থাপনায় ভিন্নতা আনার একটি প্রয়াস। গানটির চিত্রায়ণ দর্শকদের আবেগের সঙ্গে সহজেই সংযোগ স্থাপন করতে সক্ষম হবে।
ঈদ উৎসবকে ঘিরে প্রকাশিত এই গানটি শ্রোতা-দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। খুব শিগগিরই গানটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হবে, যোগ করেন তিনি।


