টানা ভারী বর্ষণ থেমে যাওয়ায় বান্দরবানের অন্য সব পর্যটন কেন্দ্র খুলে দেয়া হলেও রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন স্পট ২০ জুলাই পর্যন্ত বন্ধ রেখেছে উপজেলা প্রশাসন।
বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলির সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক টানা ভারী বর্ষণে দেবতাখুম পর্যটন স্পটের বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামত ছাড়া সেখানে যাতায়াত নিরাপদ নয় বলে মনে করছে উপজেলা নিরাপত্তা মুল্যায়ন কমিটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত দেবতাখুম পর্যটন স্পট বন্ধ রাখা হলো।
এদিকে সবশেষ গত ১০ জুলাই দেওয়া গণবিজ্ঞপ্তির মাধ্যমে বান্দরবান জেলা প্রশাসক ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন এলাকায় পর্যটক ভ্রমণ বন্ধ রাখেন।
বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসান জানান, নিষেধাজ্ঞার মেয়াদ নতুন করে বাড়ানো হয়নি। ফলে বৃহস্পতিবার সকাল থেকে রোয়াংছড়ির দেবতাখুম ছাড়া বান্দরবানের অন্য সব পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।


