সুপ্রিম কোর্টে রাষ্ট্রের পক্ষে মামলা লড়তে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিযুক্ত ১৮ জন আইন কর্মকর্তা জুলাই সনদ বাস্তবায়ন না করাসহ কয়েকটি ইস্যুতে সরকারের অবস্থানের প্রতিবাদ জানিয়ে একযোগে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পৃথক পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগ করা আইন কর্মকর্তাদের মধ্যে ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদে কর্মরত ছিলেন।
পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম ইউসুফ আলী টাইমস অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চত করেন। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল, মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং গুম কমিশন অধ্যাদেশ পাশ না করার প্রতিবাদে রাষ্ট্রের এই আইন কর্মকর্তারা পদত্যাগ করেন।
পদত্যাগকারী ডিএজি অন্যরা হলেন শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভূঁইয়া, মো. আসাদ উদ্দিন, ও তারিকুল ইসলাম। এএজিরা হলেন ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভূঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম ও জাকির হোসেন। তারা সবাই জামায়াতে ইসলামীর সমর্থক বলে জানা গেছে।


