নিউ ইয়র্ক ফ্যাশন উইকে মাতালেন বাংলাদেশের সুপার মডেল নিবিড় আদনান। ১০ থেকে ১৪ সেপ্টেম্বর ম্যানহাটনের সনি হলে অনুষ্ঠিত এই বিশ্বখ্যাত আসরে ১৩০-এর বেশি আন্তর্জাতিক ডিজাইনারের পোশাকে হাঁটেন মডেলরা। আর্জেন্টিনা, মেক্সিকো, কলম্বিয়াসহ জাপান, যুক্তরাজ্য ও পর্তুগালের ব্র্যান্ড এতে যুক্ত হয়।
মূল আয়োজনের আগে ৮ সেপ্টেম্বর সিজি মডেলসের কাস্টিং রাউন্ডে অংশ নেন নিবিড়। তিন হাজার মডেলের মধ্যে উত্তীর্ণ হয়ে মূল র্যাম্পে হাঁটার সুযোগ পান তিনি। সেখানে তিন দিনে পাঁচজন আন্তর্জাতিক ডিজাইনারের পোশাকে পারফর্ম করেন—ওফোরবিএইচ (যুক্তরাজ্য), মনকস্টার (অস্টিন, টেক্সাস), দ্য টোকিও ভাইবস (জাপান), রানওয়ে সেভেন ফ্যাশন (নিউ ইয়র্ক, এলএ, মিয়ামি) এবং এমা রিটজ (টোকিও)।
বাংলাদেশি মডেলের এমন সাফল্যে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে। নিজের অভিজ্ঞতা নিয়ে নিবিড় বলেন, এটি শুধু ব্যক্তিগত গৌরব নয়, বরং বাংলাদেশের জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত। আন্তর্জাতিক সেলিব্রিটির সঙ্গে একই মঞ্চে হাঁটা এবং তাদের প্রশংসা পাওয়া ছিল দারুণ অভিজ্ঞতা।
১১ সেপ্টেম্বর তিনি অংশ নেন ইন্টারন্যাশনাল হেরিটেজ ফ্যাশন উইকে, আর আগামী ২০ সেপ্টেম্বর থাকবেন কৌচার ফ্যাশন উইকে।
দেশীয় প্রায় সব ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন নিবিড় আদনান। সীমান্ত পেরিয়ে ভারতের মুম্বাইয়ে আমাজন ইন্ডিয়া, রেমন্ড, স্পাইকারসহ বিভিন্ন ব্র্যান্ডের মডেল হয়েছেন তিনি। ইতালির বিখ্যাত বুলগারি পারফিউমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েও সম্মান বয়ে এনেছেন দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য। লন্ডন, দুবাইসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডে কাজ করেছেন তিনি।
ফ্যাশন দুনিয়ার বাইরে অভিনয়েও আসছেন এই সুপার মডেল। চলতি বছর এষা মার্ডার চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটেছে তার।


