দেশের মঞ্চনাট্যের কিংবদন্তি ও ‘মঞ্চসারথি’ নামে পরিচিত বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের মৃত্যুতে শোকাহত সাংস্কৃতিক অঙ্গন। সোমবার (১১ মে) দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
তার মৃত্যু ঘিরে সবচেয়ে বেদনাদায়ক বিষয়গুলোর একটি হলো, ১১ মে ছিল তার বিবাহবার্ষিকী। জীবনের বিশেষ এই দিনেই চিরবিদায় নেন প্রখ্যাত এই নাট্যজন। বিষয়টি নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আতাউর রহমানের মরদেহ নেওয়া হলে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
রামেন্দু মজুমদার বলেন, যে দিনটি আতাউর রহমান ও তার পরিবারের জন্য আনন্দের হওয়ার কথা ছিল, সেই দিনই পরিণত হয়েছে গভীর শোকের দিনে। বিশেষ করে তার স্ত্রী শাহিদা রহমানের জন্য এটি অত্যন্ত মর্মান্তিক এক বাস্তবতা।

তিনি বলেন, ‘গতকাল তার স্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলছিলেন, বিবাহবার্ষিকীর দিনেই তার স্বামী লাইফ সাপোর্টে। কথাটা শুনে খুব খারাপ লেগেছিল। আর আজ তিনি আর নেই। এই শোক আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়।’
তিনি আরও বলেন, ‘ভালোবাসার একটি বিশেষ দিন এখন চিরদিনের বেদনার স্মৃতি হয়ে থাকবে। এই কষ্ট তার স্ত্রীকে আমৃত্যু বহন করতে হবে।’
আতাউর রহমানের মৃত্যুতে দেশের নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী, শিল্পী, নাট্যকর্মী ও দর্শকরা তার দীর্ঘ অবদান স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন।


