গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কোরআন শরীফ অবমাননার অভিযোগে আবু হানিফ ওরফে নিউটন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে তাকে গ্রেপ্তারের দাবিতে উপজেলা ইমাম ওলামা পরিষদের পক্ষে সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মুফতি জাহেদুল ইসলাম সাদুল্লাপুর থানা একটি অভিযোগ দেন।
মুফতি জাহেদুল ইসলাম জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইসলাম বিরোধী কথাবার্তা বলছেন। এছাড়া কোরআন অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করেন। এসব বিষয়ে তাকে একাধিকবার নিষেধ করা করা হলেও তিনি ক্ষান্ত হয়নি।
এদিকে রোববার যোহর নামাজের পর স্থানীয় মুসুল্লিদের সাথে নিয়ে ইমাম উলামাগন থানা চত্বরে বিক্ষোভ করেন। এসময় অভিযুক্ত নিউটনের ফাঁসির দাবি জানান তারা।
আটক আবু হানিফ উপজেলার ফরিদপুর ইউনিয়নের সাবেক তাজপুর (যোগীবাড়ী) গ্রামের মৃত. মোখলেছুর রহমানের ছেলে। বর্তমানে তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের উত্তর পাড়ার জনৈক সুমন মিয়ার বাড়ি ভাড়া নিয়ে থাকেন।
সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলমান রয়েছে।


