রাজধানীর শাহজাহানপুর থানাধীন শান্তিবাগ এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর সেকেন্দার হত্যা মামলার মূল পরিকল্পনাকারীসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার রাতে রাজধানীর বাসাবো ও খিলগাঁও এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মামুন ওরফে বুলেট মামুন (৩৫) আঁখিশন ওরফে আঁখি ওরফে আকির হোসেন ওরফে মো. হাসান (৪২) এবং মো. হান্নান (২৬)
পুলিশ সূত্রে জানা যায়, নিহত সেকেন্দার পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিদের সঙ্গে তার দীর্ঘদিনের পূর্ব বিরোধ ছিল। গত ৯ মার্চ রাত আনুমানিক সোয়া ১১টার দিকে ভিকটিম শান্তিবাগের ভাড়া বাসায় ফেরার পথে ১৭ নং ভাঙরি গলি সংলগ্ন মামুনের টেইলার্স দোকানের সামনে পৌঁছালে ওত পেতে থাকা আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় ও শরীরে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের ঘটনায় শাহজাহানপুর থানায় মামলা হওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ। শুক্রবার বাসাবো মিঠাইগলি এলাকা থেকে প্রথমে আঁখি ও হান্নানকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকা থেকে প্রধান আসামি বুলেট মামুনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছোরাটি উদ্ধার করে পুলিশ।
তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত মামুন একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে শাহজাহানপুর ও পল্টন থানায় ইতিপূর্বে ১৫টি মামলা রয়েছে। এ ছাড়া আঁখির বিরুদ্ধেও দুটি মামলা রয়েছে।
আসামিদের শনিবার যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


