দেশের সব অধস্তন আদালত (দেওয়ানি ও ফৌজদারি) এবং ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের জন্য পোশাকবিধিতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন।
নতুন নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারক ও আইনজীবীদের কালো কোট পরা বাধ্যতামূলক থাকবে না। জুলাই মাস থেকে এর কার্যকারিতা শুরু হয়েছে।
সম্প্রতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ বিজ্ঞপ্তিতে সই করেন।
এতে বলা হয়, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহের বিচারকরা গাউন ও ক্ষেত্রবিশেষে সাদা ফুলশার্ট অথবা সাদা শাড়ি/সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড পরিধান করবেন। তবে এ ক্ষেত্রে কালো কোট পরিধানের বাধ্যবাধকতা থাকবে না।
এদিকে আইনজীবীদের ক্ষেত্রে আগের নির্দেশনা বহাল রেখে বলা হয়েছে, তারা সাদা ফুলশার্ট অথবা সাদা শাড়ি/সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। তাদের জন্যও কালো কোট ও গাউন পরিধান করা বাধ্যতামূলক নয়।


