ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইল ফোনের লাউডস্পিকারে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার ধরমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধরমন্ডল গ্রামের ইয়াসিন প্রতিবেশীর বাড়ির সামনে দিয়ে মোবাইল ফোনের লাউডস্পিকারে গান বাজিয়ে যাওয়ার সময় প্রতিবেশী বাবলা এতে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। বিকালে সালিসের একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের কয়েকশ মানুষ অংশ নেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম জানান, সংঘর্ষে উভয় পক্ষের ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


