গোপালগঞ্জে রাজনৈতিক মামলায় সাবেক তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার বিকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাদের গোপালগঞ্জে নিয়ে আসা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মনির আহমেদ (ননী), গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শরীফ আমিনুল হক লাচ্চু এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম (টিকে)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জের বিভিন্ন থানায় রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকার মতিঝিল এলাকায় আত্মগোপনে ছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ ডিবি পুলিশের একটি বিশেষ দল মতিঝিল থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


