রংপুরের পীরগঞ্জে ব্যাটারিচালিত অটোভ্যান চুরির অভিযোগে জনতার হাতে আটক হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য রনজু মিয়া (৪৫)। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার বিকালে আটক রনজু মিয়াকে আদালতের মাধ্যমে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের ঘোষপুর এলাকায় অটোভ্যান চুরির চেষ্টাকালে স্থানীয় লোকজন তাকে আটক করেন।
রনজু মিয়া সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর (কাঁঠাল লক্ষ্মীপুর) গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য।
ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, রনজু মিয়ার বিরুদ্ধে সাদুল্লাপুরসহ দেশের বিভিন্ন থানায় চুরির একাধিক মামলা রয়েছে। তার কর্মকাণ্ডের কারণে ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
চেয়ারম্যান আরও বলেন, কিছুদিন আগেও চুরির চেষ্টাকালে রনজু জনতার হাতে আটক হয়েছিলেন। এ কারণে তাকে বরখাস্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।


