খ্রিষ্টীয় নাট্যচর্চাকে আরও পেশাদার ও মূলধারার মঞ্চনাট্যের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্য নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘অভিনয় কর্মশালা ২০২৬’। শুক্রবার (৩ জুলাই) কাকরাইলের আর্চবিশপ হাউজের কনফারেন্স হলে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজক ছিল বাণীদীপ্তি নাট্যদল। অনুষ্ঠানে সহযোগিতা করে সিগনিস বাংলাদেশ, আরণ্যক নাট্যদল এবং আরণ্যক থিয়েটার পাঠশালা।
উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। প্রধান প্রশিক্ষণ-সহায়ক হিসেবে তিনি অভিনয়চর্চায় নিয়মিত অনুশীলন ও আত্মউন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তার ভাষ্য, একজন শিল্পী কখনো শেখা শেষ করেন না; প্রতিটি কাজ তাকে নতুন অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করায়। তিনি মনে করেন, প্রশিক্ষণভিত্তিক উদ্যোগই একটি নাট্যদলকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করে।
দিনব্যাপী প্রশিক্ষণে অভিনয়ের মৌলিক কৌশল, চরিত্র বিশ্লেষণ, শরীর ও কণ্ঠের সৃজনশীল ব্যবহার, দলগত অভিনয়, দৃশ্য নির্মাণ এবং মঞ্চ উপস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে হাতে-কলমে অনুশীলন করানো হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন পরিমল মজুমদার, রুবলী চৌধুরী, হাশিম মাসুদ ও অপু মেহেদী।
বর্তমানে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করছে বাণীদীপ্তি। এটি বাংলাদেশের ক্যাথলিক বিশপ সম্মেলনের এপিস্কোপাল কমিশন ফর সোশ্যাল কমিউনিকেশনস (ইসি-এসসি)-এর সাংস্কৃতিক ও অডিও-ভিজ্যুয়াল শাখা। ২০২৫ সালের ডিসেম্বরে ‘রং তুলির জীবন’ নাটক মঞ্চায়নের মাধ্যমে দেশের প্রথম পূর্ণাঙ্গ খ্রিষ্টীয় মঞ্চনাট্যদল হিসেবে বাণীদীপ্তির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।


