আন্তর্জাতিক অঙ্গনে আবারও স্বীকৃতি পেল বাংলাদেশের প্রামাণ্যচিত্র। দেশের বরেণ্য আলোকচিত্রী নাসির আলী মামুনের জীবন ও কর্ম নিয়ে নির্মিত ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ এবার রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত মোসডকফেস্ট প্রামাণ্যচিত্র উৎসবে সেরা জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতেছে।
ব্রিটিশ-বাংলাদেশি নির্মাতা মাকবুল চৌধুরী পরিচালিত ছবিটি এর আগে আরও দুটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। যুক্তরাজ্যের ইউকে এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জেতে এটি। এ ছাড়া কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবে পেয়েছে বিশেষ জুরি স্বীকৃতি।
নতুন এই পুরস্কার প্রামাণ্যচিত্রটির আন্তর্জাতিক সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ করল। একই সঙ্গে আলোকচিত্রে নাসির আলী মামুনের দীর্ঘদিনের অবদানও নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
দীর্ঘ কয়েক দশক ধরে প্রতিকৃতি আলোকচিত্রের মাধ্যমে স্বতন্ত্র শিল্পভাষা তৈরি করেছেন নাসির আলী মামুন। তার ক্যামেরায় শুধু মানুষের বাহ্যিক অবয়বই ধরা পড়ে না, উঠে আসে তাদের ব্যক্তিত্ব, আবেগ ও অন্তর্জগতের নানা দিকও। দেশের সংস্কৃতি, বুদ্ধিবৃত্তিক ও শিল্পজগতের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে ক্যামেরাবন্দী করেছেন তিনি।
তার আলোকচিত্রে ব্যক্তির পরিচয়ের পাশাপাশি ফুটে ওঠে সময়, সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। বাংলাদেশের পরিবর্তনশীল সমাজ এবং বিভিন্ন প্রজন্মের মানুষের ইতিহাসের এক সমৃদ্ধ দৃশ্যভান্ডার হয়ে উঠেছে তাঁর কাজ।
‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে এই আলোকচিত্রীর দীর্ঘ শিল্পযাত্রা। এতে তার সৃজনদর্শন, আলোকচিত্র ধারণের নিজস্ব কৌশল এবং বাংলাদেশের প্রতিকৃতি আলোকচিত্রের বিকাশে তার ভূমিকা তুলে আনা হয়েছে।


