কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচার করে আনা ১১ লাখ ইয়াবা উদ্ধার করেছে এসআরবি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৩ কোটি টাকা। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আটারঘরিয়া পাড়ার একটি ধানখেত থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ আবছার উদ্দিন ও মোহাম্মদ আদিল। দুজনই টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা।
বুধবার দুপুরে এসআরবি-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার বিকেলের শেষ দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার করা হচ্ছে। পরে এসআরবির দুটি দল সন্দেহভাজন এলাকায় অবস্থান নেয়।
রাত ১১টার দিকে মৌলভীবাজারের আটারঘরিয়া পাড়ার ধানখেত দিয়ে কয়েকজনকে আসতে দেখে থামার নির্দেশ দেন এসআরবি সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা সঙ্গে থাকা কয়েকটি বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে দুজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা খুলে ১১ লাখ ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৩ কোটি টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।


