কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন ও ল্যাপটপ উদ্ধারের ঘটনায় করা সাইবার মামলায় গ্রেপ্তার ছয় বিদেশি নাগরিক জামিন পেয়েছেন। তাদের মধ্যে চীন ও তাইওয়ানের নাগরিক রয়েছেন।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিমের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এম. আবদুল মন্নান জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলার ধারা পর্যালোচনা করে আদালত ছয় আসামির জামিন মঞ্জুর করেছেন। চীনা দূতাবাসের জিম্মায় তাদের জামিন দেওয়া হয়েছে।’
গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার শহরের সি প্যালেস হোটেলের সামনে থেকে ওই ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উখিয়ার ইনানী ও হিমছড়ি এলাকার বিভিন্ন রিসোর্টে অভিযান চালানো হয়। অভিযানে ১ হাজার ৯৩৮টি আইফোন, আনুমানিক ৪০টি কম্পিউটার ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
কক্সবাজার জেলা কারাগারের সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার বিকাল ৫টা পর্যন্ত জামিনের আদেশের কপি কারাগারে পৌঁছেছে। কপি পাওয়ার পর আইনি বিধিবিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আদালত জামিন মঞ্জুর করলেও প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে তাদের মুক্তি দেওয়া হবে।


