কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন সরাসরি ছিনতাইয়ে জড়িত বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে নগরের টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা এলাকার জাহিদ হাসান (১৯), মুরাদনগরের জীবন ওরফে সাগর (২২), কাপ্তান বাজার এলাকার মাসুম বিল্লাল (২১) এবং নন্দীর বাজার এলাকার জাহিদ (২২)।
পুলিশ জানিয়েছে, গত ২৬ অক্টোবর দিবাগত রাতে ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নজরে আসে। পরে তার নির্দেশে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির সদস্যরা ভিডিও পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।


